বার্সেলোনার তারকা স্ট্রাইকার লিওনেল মেসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে অতিথি বায়ার্নের বিপক্ষে জোড়া গোল করে দলকে ৩-০ জয় এনে দেয়ার পাশাপাশি ইউরোপ সেরা ক্লাব টুর্নামেন্টটিতে গোলের রেকর্ডও গড়েছেন। এই লিগে ১০০টি ম্যাচ খেলে মেসির গোল এখন ৭৭টি। অথচ একদিন আগেই জুভেন্তাসের মাঠে একটি গোল করে ৭৬ গোল নিয়ে মেসিকে পেছনে ফেলে রেকর্ডটি নিজের করে নিয়েছিলেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
বায়ার্নের বিপক্ষে খেলার ৭৭ মিনিটে জ্বলে ওঠেন মেসি। প্রতিপক্ষের কোচ পেপ গার্দিওলার সব পরিকল্পনা ব্যর্থ করে দিয়ে সতীর্থ দানি আলভেসের সহায়তায় দারুণ একটি গোল করে বার্সাকে এগিয়ে নেন এই আর্জেন্টাইন। এই গোলটি নিয়ে রেকর্ড বইয়ে রোনালদোর পাশে বসেন এই তারকা স্ট্রাইকার। তিন মিনিটের মধ্যেই চ্যাম্পিয়ন্স লিগে ৭৭তম গোলটি করে ছাড়িয়ে যান রিয়ালের পর্তুগিজ তারকাটিকে। এরপরও নৈপূণ্য অব্যাহত রাখেন মেসি। ইনজুরি টাইমে নেইমারের গোলের জোগানদাতা ছিলেন তিনিই।
খেলা শেষে মেসি বন্দনায় বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে স্প্যানিশ এক টেলিভিশনকে বলেন, ‘মেসি যখন জ্বলে ওঠে তখন সে অদম্য হয়ে ওঠে। আজকের (বুধবার) রাতে সে তার মেধাটা আবারো দেখিয়েছে।’ বার্সার অপর ডিফেন্ডার জাভিয়ের মাশেরানো মেসি সম্পর্কে বলেন, ‘সে এমন একজন খেলোয়াড়, যাকে বর্ণনা করা অসম্ভব। তাকে বুঝতে হলে আপনাকে তার খেলা দেখতে হবে।’ এদিকে, খেলা শুরুর আগেও মেসিকে থামানো ‘অসম্ভব’ বলে উল্লেখ করেছিলেন বায়ার্ন কোচ গার্দিওলা। তিনি বলেন, ‘এমন কোনো কৌশল নেই বা এমন কোনো কোচ নেই যা তার সহজাত প্রতিভার বিশালতাকে থামিয়ে দিতে পারে।’ ক্যাম্প ন্যুতে বুধবার বার্সার সাবেক কোচের এই ভাষ্যেরই প্রমাণ দিলেন চারবার ব্যালন ডি’অর জেতা তারকা মেসি।
চ্যাম্পিয়ন্স লিগে মেসি-রোনালদো
* মেসি গোল করার পরও দলের পরাজয় দেখতে হয়েছে—এমন ম্যাচ মাত্র দু’টি।
* রোনালদো চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ২০ বার দুই বা এর অধিক গোল করেছেন।
* চ্যাম্পিয়ন্স লিগে মেসির হ্যাটট্রিক আছে পাঁচটি।
* রোনালদো চ্যাম্পিয়ন্স লিগে ৭৪তম গোলটি করার পর টানা ৩০ ম্যাচ ধরে এই প্রতিযোগিতায় গোলের দেখা পাচ্ছিলেন না।
* চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দুই তারকাই দু’টি করে গোল আছে।
—এএফপি
