পেপার স্টুডিও’র ডিজাইন কনটেস্ট শুরু

আপডেট : ০৭ মে ২০১৫, ২৩:১৬
শিক্ষার্থী এবং পেশাদার শিল্পীদের জন্য ‘কনকয়েরার কর্পোরেট আইডেনটিটি ডিজাইন কনটেস্ট-২০১৫’ শুরু হয়েছে মঙ্গলবার। শেষ হবে ২৪ মে। দ্বিতীয় বারের মত এ প্রতিযোগিতার আয়োজন করছে পেপার স্টুডিও।  পেপার স্টুডিও-এর কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে এ ঘোষণা দেয়া হয়।
 
প্রতিযোগিতা সম্পর্কে বলা হয়, থিমসহ এবং থিমছাড়া দু’ভাবে এ প্রতিযোগিতা হবে। পেশাদাররা যেকোন থিমের উপর এবং শিক্ষার্থীরা ‘শাশ্বত বাংলা’ থিমের উপর ডিজাইন জমা দিতে পারবেন। অবশ্য পেশাদারদেরও এ থিমের উপর ডিজাইন জমা দেয়ার সুযোগ থাকবে। আগামী ২৪ মে বিকাল ৫টার মধ্যে ডিজাইন জমা দিতে হবে।
 
এরপর জুরি বোর্ডের সিদ্ধান্তের পর বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্য থেকে ৩ জনকে স্বর্ণ পদক এবং দু’জনকে রৌপ্য পদক দেয়া হবে। এছাড়া থাকবে অনুপ্রেরণা পদক। বিজয়ীদের মধ্যে ২ জন স্কটল্যান্ডে এবং একজন সিউলে যাওয়ার সুযোগ পাবেন।

এ প্রতিযোগিতায় জুরি বোর্ডের সদস্য হিসাবে রয়েছেন, খালেদ মাহমুদ, সালাউদ্দিন আহমেদ, লোরা বোনাপেস, ইউসুফ হাসান, ইফতেখার এ খান, আরিফুর রহমান মুনির ও আলী জাকের।
 
www.paperstudio-bd.com ওয়েবসাইট থেকে প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসাবে রয়েছে দৈনিক ইত্তেফাক, ডেইলি স্টার ও রেডিও ফূর্তি।
 
পেপার স্টুডিও-এর পরিচালক ফারজিন কে. চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন চিত্রশিল্পী ও ডিজাইন পরিকল্পনাবিদ খালেদ মাহমুদ এবং আরজো উইগিনস ক্রিয়েটিভ পেপারসের লাক্সারি ব্র্যান্ড ও মার্কেটিং ডিরেক্টর ক্রিস্টোফার বালারেস্ক।