বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার বিরুদ্ধে গাড়ি পোড়ানো মামলায় চার্জশীট প্রদানের জন্য পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, দেশের জনগণ আশা করছে অতি দ্রুত চার্জশীট মোতাবেক বেগম জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী পার্টি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ এ মন্তব্য করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
ড. হাছান মাহমুদ বলেন, আইনের চোখে সবাই সমান। বলিউড সুপারস্টার সালমান খানের যদি গাড়িচাপা মামলায় জেল হতে পারে তাহলে অবশ্যই বাংলামোটরে খালেদা জিয়ার গাড়ি বহরের চাপায় মানুষ আহতের ঘটনায় তার (খালেদা জিয়া) বিরুদ্ধে মামলা হওয়া উচিত বলে মনে করি।
তিনি বলেন, বঙ্গবন্ধু নাতনী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দীক লেবার পার্টি থেকে বৃটিশ পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করেছেন।
হাছান মাহমুদ বলেন, আল্লাহর এমন বিচার খালেদা জিয়ার পুত্র যে দেশে ফেরারি আসামি হিসেবে পালিয়ে আছে সে দেশেরই পার্লামেন্ট মেম্বার হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভগ্নিপতি।
আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, বাংলাদেশ-ভারতের ৪১ বছরের অমিমাংসিত সীমান্ত চুক্তি ভারতীয় পার্লামেন্টে পাশ হয়েছে। এই সাফল্য এই সরকারের। এটি জননেত্রী শেখ হাসিনার কূটনৈতিক বিজয়।
খাদ্যমন্ত্রী বলেন, হেফাজত ইসলামের আজ অস্তিত্ব নেই। তাদের সৃষ্টি করেছিল জামায়াত-বিএনপি। তারা এখন পরগাছা। পরগাছা হিসেবে কেউ ঠিকে থাকতে পারেনি। পেট্রোল বোমা নিক্ষেপ করে যারা মানুষ হত্যা করে তাদের কখনোই মানুষ ভালোবাসতে পারে না। আর জঙ্গি সংগঠনগুলোর উপদেষ্টা হলো বিএনপি। এক সময় তাদের খুঁজে পাওয়া যাবে না। জনগণ প্রত্যাখ্যান করেছে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে জঙ্গিবাদ, সন্ত্রাস, পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে মারার কোনো স্থান নেই। এ ব্যাপারে আলেম ওলামাদের আরো সচেতন হতে হবে। ইসলাম ধর্মে বাড়াবাড়ির কোনো স্থান নেই। কিন্তু ধর্মান্ধরা ধর্মের নামে অপকর্ম করছে।
