মিরপুর টেস্ট নিয়ে ভবিষ্যদ্বাণী করতে নারাজ বাংলাদেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। তৃতীয় দিন শেষে খেলার যা অবস্থা, তাতে কেউ অবিশ্বাস্য কোনো নৈপুণ্য দেখাতে না পারলে ধরে নেয়া যায় বাংলাদেশ হেরেই গেছে। কঠিন এই বাস্তবতা মেনে নিলেও সাকিবের মনে ক্ষীণ আশা, কেউ দেড়শ’ কিংবা দুশ’ রান করতে পারলে এই টেস্টও বাঁচানো সম্ভব।
পাকিস্তানের ছুড়ে দেয়া ৫৫০ রানের প্রায় অসম্ভব এক লক্ষ্যে ছুটতে গিয়ে বাংলাদেশ কাল দিন শেষ করেছে ৬৩ রানে। ইমরুল কায়েস ফিরে গেলেও আছেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। তার সঙ্গে খেলছিলেন মোমিনুল হক। জিততে হলে শেষ দুই দিনে আরো ৪৮৭ রান করতে হবে বাংলাদেশকে।
সেটা করতে পারলে ম্যাচ, সিরিজের পাশাপাশি বিশ্বরেকর্ডও গড়বে বাংলাদেশ। কারণ শত বছরের পুরনো টেস্ট ইতিহাসে এখন পর্যন্ত ৪১৮ রানের বেশি তাড়া করে জিততে পারেনি কোনো দল।
মিরপুর টেস্টের ফলাফল কেমন হতে পারে এমন প্রশ্নের জবাবে সাকিব কোনো রাখঢাক না রেখেই বলে দিলেন, বাংলাদেশের জন্য কঠিন এক চ্যালেঞ্জই অপেক্ষা করছে। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার বলেন, ‘রেজাল্ট কী হতে পারে? ভবিষ্যদ্বাণী করা মুশকিল। স্বাভাবিক যে সম্ভাবনা সেটা হচ্ছে আমরা হারছি এই টেস্ট। কারণ এত রান তাড়া করে কখনও কেউ জেতেনি।
কঠিন সেই পথ পাড়ি দিতে সাকিব অনুপ্রেরণা খুঁজতে চাইছেন খুলনা টেস্ট থেকে। সিরিজের প্রথম টেস্টে সেখানেও পাকিস্তানের ইনিংস শেষে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। কিন্তু তামিম ইকবাল-ইমরুল কায়েসের স্মরণীয় এক জুটিতে শেষ পর্যন্ত ম্যাচ বাঁচিয়ে ফেলে বাংলাদেশ। সাকিব বলেন, ‘সেই সঙ্গেআমরা আমাদের শেষ ম্যাচটা থেকে অনুপ্রাণিত হতে পারি। ওই রকম যদি কিছু হয়। কে জানে। বিশেষ করে টপ ৩-৪ জন ব্যাটসম্যানের একটা দেড়শ’ কিংবা দুইশ’ রানের জুটি যদি হয়, তাহলে আমার কাছে মনে হয় ড্রেসিং রুমে আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। এখানের উইকেটটাও খুলনার মতো না। সবদিক থেকে মিলিয়ে অনেক কঠিন। তারপরও আমি বলব আমরা আত্মবিশ্বাস নিতে পারি শেষ ইনিংসটা থেকে।’
প্রথম ইনিংসের তুলনায় দ্বিতীয় ইনিংসে দল অনেক গোছালো খেলতে শুরু করেছে বলেও মন্তব্য করলেন সাকিব, ‘দ্বিতীয় ইনিংসে আমাদের ব্যাটিং দেখলে মনে হয় আমরা অনেক পরিকল্পনামাফিক ব্যাটিং করেছি। খুব ভালোভাবে সময় পার করেছি। এই সময়টা কিল করেছি; এটা খুব কঠিন সময় ছিল। এখানেই কিন্তু আমাদের খেলাটা শেষ হয়ে যেতে পারতো। এই রকম সিচুয়েশনে ৩-৪টা উইকেট পড়ে যায়। এরপর খেলাটা শেষ হয়ে যায়। কালকের জন্য শুধু আনুষ্ঠানিকতাই থাকে। এখনও কিন্তু ওই অবস্থায় আসেনি। তামিম সেট আছে, মোমিনুল শুরু করেছে; এরা যদি কালকে আবার সুন্দর শুরু করতে পারে। কালকের প্রথম ১ ঘণ্টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ওটা যদি বিনা উইকেটে আমরা প্রতিরোধ করতে পারি, ইনশাল্লাহ ভালো কিছুর আশা আমরা করতেই পারি।’
