ভারতের তারকা অভিনেতা সালমান খানকে আপাতত জেলে যেতে হচ্ছে না। ভারতীয় আদালতের গ্রীষ্মকালীন ছুটির কারণে রায়ে স্থগিতাদেশ পাওয়া সালমান আগামী ৮ জুন পর্যন্ত জামিনে বাইরে থাকতে পারবেন। এর আগে বুধবার দুপুরে ১৩ বছর ধরে চলতে থাকা গাড়ি চাপা দিয়ে মানুষ হত্যা মামলার চূড়ান্ত রায়ে দোষী সাব্যস্ত হওয়া সালমানের পাঁচ বছরের কারাদ্লাদেশ দেয় মুম্বাইয়ের আদালত। খবর এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস।
রায় ঘোষণার দিনই শর্ত সাপেক্ষে দুই দিনের জামিন নিয়ে বাড়ি ফেরেন সালমান খান। ঐ দিনই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলও করেন তিনি। আপিলের শুনানির দিন ধার্য হয় গতকাল শুক্রবার দুপুরে। গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ার আগে এটিই ছিল শেষ কর্মদিবস। ছুটি শেষে আদালতের কার্যক্রম শুরু হবে ৮ জুন থেকে। আর এর মধ্যে রায়ে স্থগিতাদেশ পাওয়ায় বেশ কিছুদিন জামিনে মুক্ত থাকতে পারবেন সালমান। স্থগিতাদেশ জারি করে উচ্চ আদালতের বিচারপতি অভয় ঠিপসে ভারতীয় গণমাধ্যমের কাছে বলেন, আমরা জুন অথবা জুলাই মাসে আপিলের তারিখ চূড়ান্ত করতে পারি। তখন আমরা খতিয়ে দেখবো তিনি আসলেই দোষী নাকি নির্দোষ।
