ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে পুনঃনির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী এবং কনজারভেটিভ পার্টির প্রধান ডেভিড ক্যামেরনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার ডেভিড ক্যামেরনকে পাঠানো এক অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, আপনার নেতৃত্ব বিশেষ করে ব্রিটিশ অর্থনীতিকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার স্বীকৃতিস্বরূপ পুনঃনির্বাচিত করেছে জনগণ। শেখ হাসিনা সুবিধামতো সময়ে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বার্তায় উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের দৃঢ় এবং শক্তিশালী সম্পর্ক রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, স্বাধীনতা ও মানবাধিকার, আইনের শাসন, ধর্মনিরপেক্ষতা এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এই সম্পর্ক গড়ে উঠেছে। ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির সরব উপস্থিতি এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় আমরা গর্বিত, বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
খালেদা জিয়ার অভিনন্দন
পার্লামেন্ট নির্বাচনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের দল কনজার্ভেটিভ পার্টি বিজয়ী হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অভিনন্দন জানিয়েছেন। খালেদা জিয়ার উপদেষ্টা সাবিহ উদ্দিন আহম্মেদ জানান, এক বার্তায় বেগম জিয়া তার দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
