বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের রেশ না কাটতেই লা লিগায় শনিবার নিজ নিজ খেলায় মাঠে নামছে। এদিন শিরোপা জয়ের পথে আরো একধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে বার্সা রিয়াল সোসিয়েদাদকে আতিথ্য দেবে। দুই পয়েন্ট কম নিয়ে বার্সার পেছনেই থাকা রিয়ালের লক্ষ্য অতিথি ভ্যালেন্সিয়াকে হারিয়ে শিরোপার লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখা। মৌসুমের শেষ পর্যায়ে রিয়াল-বার্সার শিরোপার দৌড় দারুণভাবে জমে উঠলেও তা ছাপিয়ে সবার নজর এখন লা লিগার অস্তিত্বের দিকে। টেলিভিশন সম্প্রচার স্বত্ব বিক্রি নিয়ে স্পেনে পাস হওয়া নতুন আইনের জের ধরে সরকারের সঙ্গে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (এলএফপি) এবং প্লেয়ারস ইউনিয়নের টানাপোড়েনের দরুন আগামী সপ্তাহ থেকে লিগটিই বন্ধ হয়ে যাওয়ার উপক্রম তৈরি হয়েছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার প্লেয়ার ইউনিয়ন আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিয়াল ও বার্সার দুই সিনিয়র খেলোয়াড় ইকার ক্যাসিয়াস ও জাভি। এতে বলা হয় আগামী সপ্তাহের মধ্যে কোনো সম্ভাব্য সমাধানে না পৌঁছাতে পারলে লিগ বন্ধ করার অবস্থানেই অটুট থাকবে তারা।
বার্সা থেকে দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে থাকা রিয়াল আজ কঠিন পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছে। শিরোপার জয়ের দৌড়ে নিজেদের টিকে রাখতে হলে এদিন নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে চতুর্থস্থানে থাকা ভ্যালেন্সিয়াকে হারাতেই হবে। অতিথি দলটিও রিয়ালের মাঠে ভালো কিছু করার প্রত্যাশা নিয়ে আসছে। তাদের লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নদের হতাশ করে আগামী মৌসুমে ইউরোপ সেরা ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার টিকিট নিশ্চিত করা। ভ্যালেন্সিয়া চলতি মৌসুমে প্রথম সাক্ষাতেও রিয়ালকে হতাশ করেছিলো। জানুয়ারিতে নিজেদের মাঠে অনুষ্ঠিত ওই লড়াইয়ে কোচ কার্লো অ্যানচেলত্তির দলকে হারিয়ে তাদের টানা ২২ ম্যাচের জয়ে ছেদ ঘটিয়েছিলো। তাছাড়া রিয়াল আকাশে কিছুটা হতাশার ছায়াও আছে। গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে জুভেন্তাসের মাঠে খেলতে গিয়ে ২-১ গোলের পরাজয় নিয়ে ফিরতে হয় তাদের। ভ্যালেন্সিয়ার স্ট্রাইকার প্যাকো অ্যালক্যাসার বলেন, ‘এটার একটা প্রভাব থাকবে। কিন্তু তাদের দলে বড়মাপের কিছু খেলোয়াড় আছে এবং তাদের টেকটিক্যাল স্টাফও অনেক ভালো, যারা ভালো করেই জানেন কিভাবে দলের খেলোয়াড়দের পরিচালিত করতে হয়।’
ভ্যালেন্সিয়ার এই তারকা নিজেদের ব্যাপারে বলেন, ‘যাইহোক, আমরা কেবল নিজেদের দিকেই তাকাবো। ভ্যালেন্সিয়ার চ্যাম্পিয়ন্স লিগ খেলতে হলে এই ম্যাচটা গুরুত্বপূর্ণ। তাই আমাদের নজর এখন এদিকেই। এটা পরিষ্কার যে, আমরা রিয়ালকে হারাতে পারি। তাই তিন পয়েন্ট পাওয়ার মানসিকতা নিয়েই আমরা তাদের মাঠে খেলতে যাবো।’ ভ্যালেন্সিয়ার বিপক্ষে শক্তি বাড়ছে স্বাগতিক রিয়ালের। হাঁটুর চোট কাটিয়ে ছয় ম্যাচের পর আবারো মাঠে ফেরার অপেক্ষায় আছেন দলের তারকা স্ট্রাইকার করিম বেনজেমা।
এদিকে রিয়ালের ম্যাচের আগে ক্যাম্প ন্যুতে অতিথি সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামবে বার্সা। ম্যাচে জয় পেলে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে কাতালানরা পাঁচ পয়েন্টের ব্যবধান বাড়াতে পারবে। পরের খেলায় রিয়াল ভ্যালেন্সিয়ার বিপক্ষে হারলে বা ড্র করলে বার্সার শিরোপা জয়টা অনেক সহজ হয়ে যাবে। চলতি মৌসুমেই ক্রিস্টমাসের ছুটির পর সোসিয়েদাদের কাছে প্রথম লেগে ১-০ গোলে হেরেছিলো বার্সা, যে ম্যাচে তারকা স্ট্রাইকার লিওনেল মেসিসহ বেশ ক’জন খেলোয়াড়কে বেঞ্চে রেখে কঠোরভাবে সমালোচিত হয়েছিলেন কোচ লুই এনরিকে।
দারুণ ছন্দে আছে বার্সা। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে গত বুধবার নিজেদের মাঠে মেসি নৈপুণ্যে অতিথি বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছে তারা। সব ধরনের প্রতিযোগিতায় গত ২৯ খেলা থেকে ২৭ জয় নিয়ে চলতি মৌসুমে ট্রেবল জয়ের সম্ভাবনাও আরো জোরালো করেছে এনরিকের দল। এ ব্যাপারে বার্সা স্ট্রাইকার নেইমার বলেন, ‘মৌসুমের শুরু থেকেই এটা (ট্রেবল জয়) আমাদের লক্ষ্যে ছিলো। আমরা দিন দিন এই লক্ষ্যের আরো কাছে চলে আসছি।’ লা লিগার ব্যাপারে এই ব্রাজিলিয়ান বলেন, ‘চলতি সপ্তায়ই লা লিগায় আমাদের একটি কঠিন ম্যাচ রয়েছে। এই শিরোপাটি জিততে হলে শেষ পর্যন্তই লড়াই করতে হবে আমাদের।’—সুপার স্পোর্টস
