চেন্নাই এর বিপক্ষে নাটকীয় জয় পেলো মুম্বাই

আপডেট : ০৯ মে ২০১৫, ১১:২৫
১৯ তম ওভারের ঝড়ো ব্যাটিং এ পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
 
চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫৮ রান করে স্বাগতিকরা। জবাবে ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই।
চেন্নাইকে উড়ন্ত সূচনা দেন ব্রেন্ডন ম্যাককালাম। তবে ১১ বলে ২৩ রান করে ম্যাককালাম আউট হয়ে গেলে রানের গতি কমে যায় চেন্নাইয়ের। আর শেষ দিকে ১৭ বলে ৩৬ রান করে দলের ইনিংস দেড়শ পার করান পাবান নেগি। চেন্নাইয়ের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
 
জবাবে লেন্ডল সিমন্স ও পার্থিব প্যাটেল ৬১ বলে ৮৪ রানের উদ্বোধনী জুটিতে দারুণ শুরু হয় মুম্বাইয়ের। কিন্তু এরপরই দুই ওভারের মধ্যে ৮৪/০ থেকে স্কোর ৮৬/৩ দাঁড়ালে ছন্দপতন হয় তাদের। ৪৫ রান করে আউট হন প্যাটেল আর ৩৮ রান করেন সিমন্স।
 
দ্রুত তিন উইকেট হারালেও আম্বাতি রাইডুর ব্যাটে লড়াইয়ে থাকে মুম্বাই। শেষ দুই ওভারে তাদের প্রয়োজন ছিল ৩০ রান। ১৯তম ওভারের প্রথম চার বলে হার্দিক পান্ডিয়ার ৩ ছক্কা আর শেষ বলে রাইডুর এক ছক্কায় জয়ের কাছে চলে যায় দলটি। বাকি কাজ সহজেই সারেন তারা। 
 
১৯ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন রাইডু। আরেক অপরাজিত ব্যাটসম্যান পান্ডিয়া ৮ বলে করেন ২১ রান। ১৭ রানে ২ উইকেট নিয়ে চেন্নাইয়ের সফলতম বোলার রবিচন্দ্রন অশ্বিন।