তিস্তার পানি সমস্যারও সমাধান হবে : ওবায়দুল

আপডেট : ০৯ মে ২০১৫, ১৮:৪৯
 
 
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতের সাথে স্থল সীমান্ত চুক্তির পাশাপাশি তিস্তার পানি বন্টন সমস্যারও সমাধান হবে।  আগামী ঈদে সড়ক পথে যাতে নিরাপদে যাত্রী নির্বিেঘ্ন বাড়ি যেতে পারে সেই লক্ষ্যে সব কার্যকরী পদক্ষেপ নেয়া হবে। 
 
তিনি সড়ক দুর্ঘটনা রোধে লায়ন ক্লাবের লিও সদস্য ও তরুণ সমাজকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। 
শনিবার সকালে ঢাকার হোটেল সোনারগাঁওয়ের বল রুমে লায়ন ক্লাবের ১৯তম জেলা কনভোকেশনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ সব কথা বলেন।
 
লায়ন ক্লাব ইন্টারন্যাশনাল -৩১৫-বি -৩ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ও লায়ন ফয়েজ মো. গোলাম ফারুকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে দেশের সব খ্যাতিমান লায়ন সদস্যগণ উপস্থিত ছিলেন।
 
সড়ক পরিহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দেশের সড়ক যোযোযোগের বিভিন্ন উন্নয়ন কাজের চিত্র তুলে ধরে বলেন, ঢাকার সাথে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে যেসব কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে তা ২০১৯ সালের মধ্যে সম্পন্ন হবে। 
 
ঢাকা-চট্টগ্রাম, ঢাকা ময়মনসিংহ সড়কের চার লেনের কাজ দ্রুতই সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, ঢাকা মেট্রোরেল ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ের কাজ শুরু হয়েছে। নির্ধারিত সময়ের আগেই যাতে সব উন্নয়ন কাজ সম্পন্ন হয় সেই লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে বলে মন্ত্রী মন্তব্য করেন।
 
সড়ক দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনে বিশেষ করে সচেতনতামূলক কার্যক্রমে সারা বাংলাদেশের তরুণ সমাজকে এগিয়ে আসার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, এই সামাজিক আন্দোলনে শরীক হতে তরুণ সমাজ ছাড়াও সচেতন সকল নাগরিক সমাজকে বিশেষ দায়িত্ব নিতে হবে।
 
তিনি বৃটেনের সংসদে তিন বাঙ্গালী কন্যার বিজয়ের ঘটনাকে বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের বলে মন্তব্য করেন।
 
ওবায়দুল কাদের ভারতের স্থল সীমান্ত বিল পাসের কথা উল্লেখ করে বলেন, গত ৪১ বছর ধরে ১৬২টি ছিটমহলের ৫২ হাজার মানুষের দীর্ঘদিনের আশা বাস্তবায়ন হলো। এই ঘটনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য এক ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে বলে তিনি মন্তব্য করেন।