রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন, আগামী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের সেবা দেয়ার লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করছে।
রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার একথা বলা হয়। খবর বাসস।
মন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে যাত্রীদের কাক্সিক্ষত সেবা দেয়া হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নতুন কোচ এবং লোকমোটিভ দিয়ে যাত্রীদের বিশেষ সেবা দেয়া।
ঈদুল ফিতরে যাত্রীদের বিশেষ সেবা দেয়ার জন্য নতুন কোচ সংযোজন করার লক্ষ্যে মন্ত্রী মেরামত কাজ পরিদর্শনে পার্বতীপুর ও সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপ পরিদর্শন করেছেন।
মন্ত্রী বলেন, গত বছরের তুলনায় এবছর আরো বেশী কোচ সংযোগ হবে রেলওয়েতে। এজন্য কর্মকর্তা-কর্মচারীরা রাতদিন কাজ করে যাচ্ছেন। তাই এবছর নতুন চমক থাকতে পারে রেলওয়েতে।
এছাড়াও প্রতিটি ষ্টেশনে কালোবাজারি বন্ধ আর ট্রেনের সিডিউল সঠিক রেখে সার্বক্ষণিক যাত্রীদের সেবা দেয়ার লক্ষ্যে কাজ করছেন রেলওয়ের সর্বস্তরের কর্মকর্তাগণ।
মন্ত্রী বলেন, বর্তমানে রেলের সেবার মান অতীতের চেয়ে অনেকগুণ বেড়েছে। তাই সর্বস্তরের মানুষ এখন নিরাপদ বাহন হিসেবে রেলকেই বেশী প্রাধান্য দিচ্ছে। এবারের ঈদে অতিরিক্ত চাপ সামাল দিতে আমরা এখন থেকেই সার্বক্ষণিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। যাত্রীদের সেবাই আমাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য ।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হুইপ শওকত চৌধুরী, রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফিরোজ সালাহ উদ্দীন, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, এ ডি জি(আরএস) খলিলুর রহমান, রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) খায়রুল আলম ও প্রধান প্রকৌশলী (পশ্চিম) মাহবুবুল হক বশির।
