প্রবাদ আছে- ‘শেষ ভালো যার, সব ভালো তার’। কিন্তু পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত শুরু করেও শেষটা ভালো করতে পারলো না স্বাগতিক বাংলাদেশ।
সফরের ও সিরিজের শেষ ম্যাচটি খুবই বাজেভাবে হেরেছে টাইগাররা। এজন্য দায়টা নিজেদের উপরই নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। তারপরও শেষটা ভালো না হবার পরও দলের সকলের প্রশংসা করলেন মুশফিকুর।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরুর আগে দু’দলকেই সমান স্থানে রেখেছিলেন অনেকে। কিন্তু ওয়ানডে সিরিজ ও একমাত্র টুয়েন্টি টুয়েন্টি সিরিজে যেভাবে পাকিস্তানকে হারিয়েছে, তাতে একশ ভাগ প্রশংসা বাংলাদেশেরই প্রাপ্য।
ঐ সুখস্মৃতি নিয়ে টেস্টেও ভালো করার প্রত্যয় ছিলো মুশফিকুর বাহিনীর।
প্রথম টেস্টে পারফরমেন্স দিয়ে নিজেদের শক্তির প্রমাণও দেয় বাংলাদেশ। কিন্তু ঢাকায় দ্বিতীয় টেস্টে খেই হারিয়ে ফেলে তারা। ফলে বড় ব্যবধানেই হারতে হয় টাইগারদের। তাই শুরুর মতো শেষটাও ভালো হয়নি বাংলাদেশের।
তারপরও দলের প্রশংসা করেন মুশফিকুর, স্বাভাবিকভাবে শেষটা সবাই মনে রাখে। কিন্তু তারপরও আমরা যে এত দূর এসেছি এটা কম অর্জন নয়, এটা বলব না। আসলে অন্য কোন সময় এই পরিস্থিতিতে সিরিজ নিয়ে এত কথা উঠতো না। কারণ সবাই আশা করছিলো, আমরা তাদের টেস্টেও হারিয়ে দিবো। তারপরও দলের খেলোয়াড়, ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি।
তিনি বলেন, সবাই গত সাত মাস যাবত ভালো ক্রিকেট খেলছে। চলতি সিরিজেও ভালো খেলেছে। আর এটাও মনে রাখতে হবে তিন নম্বর স্থানে থাকা দলের বিপক্ষে আমরা খেলেছি। এই সিরিজ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। যা ভবিষ্যতে কাজে লাগবে।
শেষটা কেন ভালো হলো না এমন প্রশ্নের উত্তরটাও নিজের মতো করে দিয়েছেন মুশফিকুর, ‘আমরা কিছু নো-বল করেছি। তাতেই অনেক পিছিয়ে পড়েছি আমরা। এছাড়া শাহাদাতকে হারানো অনেক বড় ক্ষতিই ছিলো আমাদের। ফলে আমাদের পরিকল্পনাগুলো ভেস্তে যায়। আর পুরোপুরিভাবে আমাদের পরিকল্পনাগুলো কাজেও লাগাতে পারিনি। তাই শেষমেষ ম্যাচটি হারতে হয়েছে। তারপরও তামিম-ইমরুল ভালো খেলেছে।
তিনি বলেন, মোমিনুল তার হাফ-সেঞ্চুরির ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। আর আমাদের চাইতে পাকিস্তান অনেক বেশি ভালো খেলাতেই এই টেস্ট বাজেভাবে হেরেছি আমরা।
