রাজশাহীর বাঘা-চারঘাট রুটে বিআরটিসি বাস চালুর প্রতিবাদে জেলার বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধের ডাক দিয়েছে রাজশাহী জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
শনিবার দুপুর একটার দিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বাঘা উপজেলা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই রুটে বিআরটিসি বাস চলাচল উদ্বোধন করেন।
এদিকে ওই রুটে বিআরটিসি’র ডবল ডেকার বাস চালুর প্রতিবাদে শনিবার সন্ধ্যা পর্যন্ত রাজশাহী থেকে দেশের বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। দুপুর একটার দিকে রাজশাহী জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এই রুটে বিআরটিসি’র বাস চালুর কারণে সাধারণ গণপরিবহনের মালিক-শ্রমিকদের অর্ধাহারে অনাহারে মরতে হবে। তাই অবিলম্বে এই রুটে বিআরটিসি’র বাস চলাচল বন্ধ করতে হবে। শনিবার রাতের মধ্যে দাবি মেনে নেয়া না হলে রবিবার থেকে সারা উত্তরাঞ্চলে বাস চলাচল বন্ধের ডাক দেওয়া হবে। দাবি মেনে নিলে বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা ধর্মঘট প্রত্যাহার করবেন বলে জানান।
