দেশের অব্যাহত উন্নয়নে বর্তমান সরকারের বিকল্প নেই: স্পিকার

আপডেট : ০৯ মে ২০১৫, ২০:২৭
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বর্তমানে দেশের অব্যাহত উন্নয়নে বর্তমান সরকারের বিকল্প নেই। এভাবে দেশ চলতে থাকলে আগামী অল্প সময়ের মধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে এবং বিশ্বের অন্যান্য অনুন্নত দেশের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। তবে এ জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার।
 
শনিবার বিকেলে নোয়াখালী জেলার চাটখিলের খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ওয়াহাব তৈয়বা মেমোরিয়াল ট্রাস্টে এক বিশাল নাগরিক সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, রাজনীতি হচ্ছে দেশ ও মানুষের জন্য। যারা রাজনৈতিক দলের নাম ব্যবহার করে বিভিন্ন ধ্বংসাত্বক কার্যকলাপ করে তারা আসলে রাজনীতি করে না। তারা দেশের উন্নয়ন চায় না। দেশে বর্তমানে দারিদ্রতার হার কমেছে। শিক্ষা ও স্বাস্থ্য সেবার মান উন্নত হয়েছে। পররাষ্ট্র নীতির ক্ষেত্রে সাফল্য অব্যাহত রয়েছে।
 
তিনি আরো বলেন, বর্তমান সরকার সুষম উন্নয়নে বিশ্বাসী। তাই সারা দেশে সমভাবে উন্নয়নের কাজ চলছে।
 
নাগরিক সংবর্ধনার আহ্বায়ক স্থানীয় সংসদ সদস্য এইচএম ইব্রাহীমের সভাপতিত্বে এবং মাহবুব চৌধুরী বাবরের পরিচালনায় অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. রহিমা খাতুন, আওয়ামী লীগ নেতা আফম বাবুল, জাকির হোসেন জাহাঙ্গীর প্রমুখ।
 
স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী শনিবার সকালে ওয়াহাব তৈয়বা মেমোরিয়াল হাসপাতালের উদ্বোধন করেন।
 
এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক, বঙ্গবন্ধু চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় নেতা ডা. শিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান ও চট্টগ্রাম সাবেক ডিসি মো. হাছান।