বিসিবিএলে সেঞ্চুরির ছড়াছড়ি

আপডেট : ০৯ মে ২০১৫, ২২:১২
 
 
সেঞ্চুরির ছড়াছড়ি বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিবিএল) তৃতীয় রাউন্ডে। এ রাউন্ডের তৃতীয় দিনের খেলা শেষে সেঞ্চুরির সংখ্যা দাঁড়ালো সাত। অথচ আগের দুই রাউন্ডে সেঞ্চুরি হয়েছিল কেবল দুটি। এর মধ্যে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের অলরাউন্ডার সোহাগ গাজী (১০৮ ও ১০৬) আছে দুটি।
 
শনিবার দক্ষিণাঞ্চলের হয়ে সেঞ্চুরি করেন শাহরিয়ার নাফিস (১৬১), মোসাদ্দেক হোসেন (১৫৩) ও সোহাগ গাজী (১০৬)। বিসিবি উত্তরাঞ্চলের হয়ে মাত্র সাত রানের জন্য ডবল সেঞ্চুরির দেখা পাননি জুনায়েদ সিদ্দিকী (১৯৩)। এর আগে শুক্রবার পূর্বাঞ্চলের হয়ে সেঞ্চুরি করেন অলক কাপালি (২২৮) ও আসিফ আহমেদ রাতুল (১০৩)। বৃহস্পতিবার প্রথম দিনে সেঞ্চুরি করেন মধ্যাঞ্চলের রনি তালুকদার (১০৬)। 
 
চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি উত্তরাঞ্চলের ওপেনার জুনায়েদ সিদ্দিকীর সেঞ্চুরির পরও ৮৪ রানে পিছিয়ে রয়েছে তার দল। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের করা ৪৭৩ রানের জবাবে প্রথম ইনিংসে ৩৮৪ রান করেছে বিসিবির দলটি।
 
লিগের অপর খেলায় ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শাহরিয়ার নাফিস, মোসাদ্দেক হোসেন ও সোহাগ গাজীর সেঞ্চুরির কল্যাণে আট উইকেটে ৫৩৮ রান করেছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। এর আগে প্রথম ইনিংসে ৪১২ রান তুলেছিল ওয়ালটন মধ্যাঞ্চল। তৃতীয় দিন শেষে ১২৫ রানে এগিয়ে রয়েছে দক্ষিণাঞ্চল।