বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, খালেদা জিয়া ৯২ দিন জঙ্গী তত্পরতা চালিয়ে নিজেই আত্মসমর্পণ করে ঘরে ফিরে গেছেন। তার নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির নেতা-কর্মীরা এখন দল ছাড়ছেন।
গতকাল শনিবার ভোলার নতুন বাজার চত্বরে জেলা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, খালেদা জিয়ার বিএনপি এখন নকশাল দলে পরিণত হয়েছে। কয়েক দিন পরে ওদের আর খোঁজ থাকবে না। এ সময় তিনি ভোলায় ৫ শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদানের বিষয় উল্লেখ করে বলেন, সারা দেশে এমন চিত্র শুরু হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বন ও পরিবেশ উপ-মন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, বিএনপি এখন বিচ্ছন্নতাবাদী সংগঠনে পরিণত হয়েছে। ওরা হত্যার রাজনীতি করে।
ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সম্মেলন উদ্বোধন করেন। জেলা ছাত্রলীগ সভাপতি আবিদুল আলমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সিদ্দিকী নাজমুল আলম, আব্দুল মমিন টুলু, মোহাম্মদ মনিরুজ্জামান, মাকসুদুর রহমান মাকসুদ, জোয়ায়দুর রহমান রাসেল, জয়দেব নন্দী প্রমুখ।
