নির্বাচনের পর চাঙ্গা ব্রিটেন আমেরিকার শেয়ারবাজার

আপডেট : ১০ মে ২০১৫, ০১:৪৩

ব্রিটেনের সাধারণ নির্বাচনের পর আমেরিকা ও ব্রিটেনের শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির বিজয়ের পর লন্ডন স্টক এক্সচেঞ্জের সূচকে বড় ঊর্ধ্বগতি দেখা গেছে। স্টক এক্সচেঞ্জের তথ্যে দেখা গেছে, এফটিএসই-১০০ সূচক বেড়েছে ২ দশমিক ৩২ শতাংশ বা ১৬০ পয়েন্ট। ব্যাংকার ও স্টক এক্সচেঞ্জে বিনিয়োগকারীরা এ বৃদ্ধিকে বড় ইতিবাচক প্রবণতা বলে আখ্যা দিয়েছেন। এফটিএসই-২৫০ সূচক বেড়েছে ৪৮৮ পয়েন্ট। এফটিএসই অল সূচক বেড়েছে ৮৮ পয়েন্ট। নাসডাক স্টক এক্সচেঞ্জের তথ্য অনুসন্ধান করে দেখা গেছে, গতকাল নাসডাক সূচক বেড়েছে ৫৮ পয়েন্ট। ডি জোন্স সূচক বেড়েছে ২৬৭ পয়েন্ট। আর এসএন্ডপি ৫০০ সূচক বেড়েছে ২৮ পয়েন্ট। একই প্রবণতা দেখা গেছে অন্য সূচকগুলোতেও। নির্বাচনের পর আমেরিকা ও ব্রিটেনের প্রায় সব সূচকেই বড় ধরনের ইতিবাচক প্রবণতা ছিল। দাম বেড়েছে প্রায় সব শেয়ারের।

 

কনজারভেটিভ সরকার পুনরায় সরকার গঠন করায় দেশের অর্থনীতি ও নানা দিকে স্থিতিশীলতার ইঙ্গিত পাচ্ছেন বিনিয়োগকারীরা। তাই শেয়ারবাজারের সূচক বেড়ে গেছে। তাছাড়া একই সরকার পুনরায় ক্ষমতায় আসায় সাম্প্রতিক সময়ে সরকারের নেয়া নানা পদক্ষেপও পূর্ণতা পাবে। যা দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে সহায়তা করতে পারে।