গাংনীতে বজ্রপাতে ২ জনের মৃত্যু

আপডেট : ১০ মে ২০১৫, ১৭:১২


মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার পৃথক দুটি স্থানে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে ভ্যান চালক আতিয়ার রহমান (৬০) ও কাজিপুর গ্রামের সৌদি প্রবাসী লিটন হোসেনের স্ত্রী বিলকিস আরা (২৫)।

স্থানীয়রা জানান, সকালের দিকে গাংনী উপজেলার বিভিন্ন স্থানে হঠাৎ কাল বৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়। এসময় কয়েকবার বিজলীসহ বজ্রপাত হয়।  গোয়ালগ্রামের আতিয়ার রহমান তার নিজ বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন। এছাড়া কাজীপুর গ্রামের প্রবাসীর স্ত্রী বিলকিস আরা তার বসত ঘরের বারান্দায় বসে থাকার সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।

গাংনী থানার ওসি আকরাম হোসেন বজ্রপাতে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।