ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও শুক্তাগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. আবুল কালাম আজাদের বাসায় পেট্টোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শনিবার গভীর রাতে আবুল কালাম আজাদের বাসার সামনের অংশের গেটের ভেতরে পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে বাসার ভিতরের দেয়ালে আগুন ধরে যায় এবং ভেতরে থাকা তার ব্যবহৃত একটি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে গেছে। এসময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আবুল কালাম আজাদ বলেন, গত উপজেলা পরিষদ নির্বাচনে আমার বাসায় হামলা ও ভাংচুর করা হয়। এখন আবার আগুন দিয়ে স্ব-পরিবারে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। আমরা টের না পেলে সব কিছু শেষ হয়ে যেত। রাজনৈতিক প্রতিহিংসায় এ ঘটনা ঘটানো হচ্ছে বলে দাবী করেন তিনি।
এ ব্যাপারে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনীর উল গীয়াস বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
