চাঞ্চল্যকর সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে নারায়নগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলির পদ থেকে সরাসরি বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ওই পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ফৌজদারি মামলাজনিত কারণে অপর কাউন্সিলর শাহজালাল বাদলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রবিবার স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখা থেকে এ সংক্রান্ত অদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন আইন)-২০০৯-এর ১৩ ধারা অনুযায়ী নূর হোসেনকে কাউন্সিলর পদ থেকে অপসারণ এবং পদটি শূন্য ঘোষণা করা হলো।
নূর হোসেন খুনের ঘটনার পর ভারতে পালিয়ে যান। পরে সেখানকার পুলিশ অনুপ্রবেশের অভিযোগে তাকে গ্রেপ্তার করে। বর্তমানে ওই দেশের আদালতে তার বিরুদ্ধে মামলা চলছে।
এ ছাড়া নারায়ণগঞ্জের আদালতে বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২-এর ধারা ৩৪ অনুযায়ী অভিযোগ প্রমাণিত হওয়ায় তার সাজা হয়েছে। এই দুটি কারণ দেখিয়ে তাকে বরখাস্ত করা হয়।
২০১৪ সালের ১৫ মে নূর হোসেনের শিমরাইল মোড়ের বাড়িতে অভিযান চালিয়ে বিরল প্রজাতির বেশ কয়েকটি পাখিসহ প্রায় ৪১ প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার করে নারায়ণগঞ্জ পুলিশ।
