মানবতাবিরোধী অপরাধ মামলায় কিশোরগঞ্জের পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছেন প্রসিকিউশন।
আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়ার বিষয়ে আগামী ১৩ মে শুনানীর তারিখ ধার্য করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রবিবার এ আদেশ দেয়।
জেলার করিমগঞ্জের দুই সহোদর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. নাসিরউদ্দিন আহমেদ ও কিশোরগঞ্জ জেলা বারের আইনজীবী মো. শামসুদ্দিন আহমেদ এবং কিশোরগঞ্জের রাজাকার কমান্ডার গাজী আব্দুল মান্নান, হাফিজ উদ্দিন ও আজহারুল ইসলাম এই মামলার আসামি।
প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন, তাপস কান্তি বল ও রেজিয়া সুলতানা চমন আজ আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। আসামিপক্ষের আইনজীবি ব্যারিস্টার আতিকুর রহমান ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
তদন্তে আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, লুণ্ঠন, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ এবং সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।
