‘শিক্ষাপ্রতিষ্ঠানকে গ্রীষ্মের ছুটিতে ৭ দিন ক্লাস নিতে হবে’

আপডেট : ১০ মে ২০১৫, ১৮:৪৭
 
 
 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলো গ্রীষ্মের ছুটির মধ্যে নিজেদের সুবিধা মতো যেকোনো সাত দিনের জন্য আলাদা ক্যালেন্ডার করে ক্লাস চালাবে।’ রবিবার সচিবালয়ে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে বৈঠকের পর তিনি এ সিদ্ধান্ত দেন। সম্প্রতি লাগাতার হরতাল-অবরোধে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
 
শিক্ষামন্ত্রী বলেন, ‘সাত দিনের ক্ষতি পুষিয়ে নিতে পরিচালনা পর্যদ ও শিক্ষার্থীদের নিয়ে বসে আলাদা ক্যালেন্ডার করে নেবেন। এর পরও যদি ক্ষতি কাটিয়ে নিতে না পারেন, পরে তা দেখা হবে।’
 
উল্লেখ্য, এবার সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি নির্ধারিত ১৪ থেকে ২৮ মে (১৩ দিন)। আর কলেজে এ ছুটি ছিল ১ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত।
 
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছাড়াও বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা সভায় উপস্থিত ছিলেন।