ঢাকা দক্ষিণ সিটি: ৩ ওয়ার্ডের ৩ কেন্দ্রে ভোট সোমবার

আপডেট : ১০ মে ২০১৫, ২০:৪৪
 
 
 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্থগিত তিনটি ওয়ার্ডের তিনটি কেন্দ্রে পুনরায় ভোট অনুষ্ঠিত হবে সোমবার। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। নির্বাচন কমিশন (ইসি) স্থগিত কেন্দ্রের ভোটগ্রহণ প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োগ করেছেন। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ জানান—নির্বাচনে সব প্রস্তুতি সম্পন্ন। আশা করি—সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে।
 
গত ২৮ এপ্রিল ঢাকা উত্তর-দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনী সহিংসতার কারণে দক্ষিণের তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছিল কমিশন। এ সব কেন্দ্রে সোমবার ভোট নেয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইসি। কেন্দ্রগুলো হচ্ছে, দক্ষিণের ৮ নম্বর ওয়ার্ডের ১৫১ নম্বর কমলাপুর শেরেবাংলা রেলওয়ে উচ্চবিদ্যালয় (দক্ষিণ কমলাপুর মূল ভবন, কেন্দ্র-১), ৩৪ নম্বর ওয়ার্ডের ৫৬৫ সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৫৩ নম্বর ওয়ার্ডের ৮০৭ জুরাইন আশ্রাফ মাস্টার আদর্শ উচ্চবিদ্যালয় (শ্যামপুর, ঢাকা দ্বিতীয় তলা রুম নম্বর ২০১-২০৫ এবং মহিলা ভোটার-১, কেন্দ্র-৩)।
 
ওই তিনটি কেন্দ্রের ফলাফলের ওপর নির্ভর করছে সংশ্লিষ্ট তিন ওয়ার্ডে কাউন্সিলর কারা হচ্ছেন। এরই মধ্যে ঢাকা উত্তর সিটিতে নির্বাচিত হয়েছেন মেয়র পদে আসিনুল হক এবং ৩৬টি সাধারণ এবং ১২টি সংরক্ষিত কাউন্সিলর। দক্ষিণ সিটিতে মেয়র পদে সাঈদ খোকন এবং ৫৪টি কাউন্সিলর এ ১৯টি সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচিতদের গেজেট প্রকাশ করেছে ইসি। তবে ডিএসসিসিতে কেন্দ্র স্থগিতের কারণে ৮, ৩৪ ও ৫৩ ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর প্রার্থীর নাম এখনো ঘোষণা করা হয়নি।