রিজভীসহ বিএনপির ৩ নেতার জামিন

আপডেট : ১০ মে ২০১৫, ২০:৫৮
 
 
 
 
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম ও ব্যারিস্টার কায়সার কামালকে জামিন দিয়েছে হাইকোর্ট।
 
গাড়িতে অগ্নি-সংযোগ, ভাংচুর ও পুলিশের কাজে বাঁধা দেয়ার অভিযোগে বিভিন্ন থানায় দায়ের করা পৃথক ৫টি মামলায় বিএনপির এই তিন নেতার জামিন মঞ্জুর করে আদালত। চার সপ্তাহের জন্য তাদের জামিন মঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রবিবার পৃথক আদেশে এ জামিন মঞ্জুর করেন।
 
গত ২৪ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় (মামলা নম্বর ৬১) এবং ২৬ জানুয়ারি বাড্ডা থানার মামলায় রিজভী, ১৭ জানুয়ারি ৩ ফেব্রুয়ারি ধানমন্ডি থানায় করা পৃথক দুই মামলায় ব্যারিস্টার অসীম এবং গত ১০ ফেব্রুয়ারি নেত্রকোনার দুর্গাপুর থানায় করা মামলায় কায়সার কামালের জামিন  মঞ্জুর করা হয়।
 
বিএনপি নেতাদের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট আসাদুজ্জামান, ব্যারিস্টার হেলালউদ্দিন, অ্যাডভোকেট জহুরুল ইসলাম সুমন। অপর দিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।