সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সীমান্ত চুক্তির বিষয়ে বাংলাদেশ সরকারের কূটনৈতিক সাফল্যে সরকারকে অভিনন্দন না জানিয়ে বিএনপি হীনমন্যতার পরিচয় দিয়েছে। খবর বাসস’র।
তিনি বলেন, বিএনপি সরকারের আমলে সীমান্ত সমস্যাটি লাল কার্পেটের নীচে চাপা ছিল। লাল কার্পেট সংবর্ধনা হয়েছে, কিন্তু এই ইস্যুটি সাহস করে নতুন দিল্লীর কোন সরকারের কাছে আওয়ামী লীগ ছাড়া কেউ তোলেনি। দু’দেশের সর্ম্পক উন্নয়নের কারণে তিস্তা চুক্তিও এখন সময়ের ব্যাপার মাত্র বলে উল্লেখ করেন তিনি ।
ওবায়দুল কাদের রবিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আট লেন সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রীর সড়ক পরিদর্শনের সময় সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ১৯০ কোটি টাকা ব্যয়ে সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ এ প্রকল্পের কাজের ৭০ ভাগ শেষ হয়েছে। আগামী নভেম্বরের মধ্যে আট লেন প্রকল্পের এ কাজ শেষ হবে।
দেশে আট লেন প্রকল্পের কাজ এটাই প্রথম উল্লেখ করে মন্ত্রী বলেন, এর ফলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মাধ্যমে ঢাকায় প্রবেশ এবং বের হওয়ার পথে কোন যানজটের সৃষ্টি হবে না। ভাঙ্গা রাস্তার মেরামের কাজ সম্পন্ন হয়ে গেছে তাই আগামী রমজানের ঈদে ঘরমুখো মানুষের কোন ভোগান্তি হবে না।
জাইকার সহযোগিতায় নয় হাজার কোটি টাকার প্রকল্প কাঁচপুর, মেঘনা ও গোমতী-মেঘনা এই তিনটি সেতুর চার লেনের সেতুর কাজ শিগগিরই শুরু হবে বলে জানান মন্ত্রী ।
