স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। গতকাল রবিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যান্ড লাইভ সার্জারি-২০১৫’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অ্যাসোসিয়েশন অব সার্জেন্টস ফর স্লিপ অ্যাপোনিয়া (অ্যাসাব) এই সেমিনারের আয়োজন করে।
চিকিত্সকদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, আমাদের যেটা করার আপনাদের জন্য করব, কিন্তু আপনারা জনগণকে সেবা দিন। স্বাস্থ্য সেবায় কোনো রাজনীতি নেই উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে স্বাস্থ্য সেবা এগিয়ে নিতে হলে সবার উচিত আমাদেরকে সহযোগিতা করা। চিকিত্সকরা অনেক পরিশ্রম করেন এটা ঠিক। তারপরও ধৈর্যের সঙ্গে কাজ করে যেতে হবে। সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. এসএম খোরশেদ আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মনিরুজ্জামান ভূঁইয়া, অধ্যাপক ডা. মনিরা লাইচ লিটু প্রমুখ।
