এক নারী শ্রমিক ছুটি না পেয়ে টয়লেটে সন্তান প্রসব করার ঘটনায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার অ্যাপেক্স ফুটওয়্যারের কারখানার তিন কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট।
আগামী ২৪ মে সকাল সাড়ে ১০টায় ওই তিন কর্মকর্তাকে হাজির হয়ে কর্মীকে ছুটি না দেয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই দিন এ বিষয়ে তদন্ত করে কালিয়াকৈর উপজেলার নির্বাহী অফিসারকে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
কর্তৃপক্ষ ছুটি না দেয়ায় ওই নারী কারখানার টয়লেটে সন্তান জন্ম দিতে বাধ্য হয়েছিলেন বলে সংবাদপত্রে খবর দেখে রবিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই নির্দেশ দেয়।
কালিয়াকৈরের হরিণহাটি এলাকায় অ্যাপেক্স ফুটওয়্যার কারখানার ব্যবস্থাপনা পরিচালক, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল আজিজ ও কারখানার লাস্টিং সেকশনের সুপারভাইজার মো. রতন মিয়াকে তলব করেছেন আদালত। তিনজনকেই ওই ঘটনার বিষয়ে লিখিত ব্যাখ্যা নিয়ে আগামী ২৪ মে হাজির হতে নির্দেশ এসেছে বলে ওই আদালতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস জানিয়েছেন।
