মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত এলাকা থেকে আবারো পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বিজিবি। সোমবার ভোর রাতের দিকে কাজিপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে।
৪৭ বিজিবি ব্যাটালিয়নের মেজর মেহেদী জানান, আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৪৫/৩ এস এর পাশে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি পড়ে রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, কে বা কারা অস্ত্র ও গুলি এনেছে তা তদন্ত করা হচ্ছে। উদ্ধারকৃত গুলি ও অস্ত্র গাংনী থানায় জিডি মুলে জমা দেয়া হয়েছে।
এর আগেও ঐ সীমান্ত এলাকা থেকে বিজিবি কয়েক বার পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার করে।
