যৌন নিপীড়কদের গ্রেফতার দাবিতে আন্দোলনকারী ছাত্র ইউনিয়ন নেতাকর্মীদের পুলিশের লাঠিপেটার নিন্দা জানিয়েছে বিএনপি। রবিবার রাতে দলটির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিবাদ করার অধিকার থাকলেও দেশে আজ কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আমরা আজ একটি প্রগতিশীল ছাত্র সংগঠনের মিছিলে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের হামলা ও নির্যাতনের ঘটনা দেখেছি, যা খুবই দুঃখজনক। এই ঘটনার আমরা নিন্দা জানাই।
বর্ষবরণ উৎসবে যৌন নিপীড়নে জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবিতে রবিবার দুপুরে ছাত্র ইউনিয়ন নেতাকর্মীরা ডিএমপি কার্যালয় ঘেরাও করতে গেলে তাদের উপর চড়াও হয় পুলিশ। জলকামান ব্যবহারের পাশাপাশি পুলিশের লাঠিপেটায় আহত হন বেশ কয়েকজন। আটক করা হয় পাঁচজনকে।
