ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগ (আইপিএল)’র দুটি ম্যাচে অংশ নিতে আজ সোমবার দুপুরেই কলকাতার বিমানে চড়ার কথা রয়েছে সাকিব আল হাসানের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনুমতি নিয়ে আগামী ১৪ ও ১৬ মে অনুষ্ঠিতব্য ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মুম্বাই ইন্ডিয়ান ও রাজ্যস্থান রয়্যালসের বিপক্ষে আইপিএল-এ নিজ দলের হয়ে শেষ দুটি গ্রুপ ম্যাচ খেলার কথা রয়েছে সাকিবের।
মূলত এই দুটি ম্যাচ খেলানোর জন্যই সাকিবকে বাংলাদেশ থেকে উড়িয়ে নিচ্ছে তার দল কলকাতা নাইট রাইডার্স। পাকিস্তান বিপক্ষে হোম সিরিজের আগে আইপিএলের চলতি আসরে মুম্বাই ইন্ডিয়ানস ও রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু দুটি ম্যাচ খেলে এসেছেন দেশ সেরা এই ক্রিকেটার।
গতকাল রবিবার বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আইপিএলের দুটি ম্যাচ খেলার জন্য বিসিবির কাছে সাকিব অনুমতি চেয়েছিলেন। বাংলাদেশ জাতীয় দলের এখন কোন খেলা না থাকায়, তাকে আইপিএলে খেলার জন্য অনুমতি দেয়া হয়েছে।’
আগামী ৭ জুন বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। ভারতের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে ২০ মে থেকে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে। তার আগেই ঢাকায় ফেরার কথা রয়েছে সাকিব আল হাসানের।
একটি টেস্ট এবং তিন ওয়ানডের ঐ সিরিজের জন্য প্রস্তুতির অংশ হিসাবে ১৮ মে থেকে গা গরম করা শুরু করবে বাংলাদেশ দল। ঐদিন জিমনেশিয়ামে সময় কাটানোর পর ২০ মে ফিটনেস ক্যাম্প। আর মূল ক্যাম্প শুরু এ মাসের ৩০ তারিখ থেকে।
এরই মধ্যে জাতীয় দলের খেলোয়াড়দের ২৪ মে থেকে বাংলাদেশ ক্রিকেট লিগে চারদিনের ম্যাচও খেলার কথা রয়েছে।
