আইপিএলে রোববারের দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে গেছে প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান রয়েলস।
ব্রেন্ডন ম্যাককালামের দাপুটে ব্যাটিংয়ের পর রবীন্দ্র জাদেজা ও মোহিত শর্মার বিধ্বংসী বোলিংয়ে রাজস্থানকে ১২ রানে হারিয়েছে চেন্নাই।
চিদাম্বরাম স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ের সুযোগ পেলেও বড় স্কোর গড়তে ব্যর্থ হয় চেন্নাই। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৭ রান তোলে তারা। ব্রেন্ডন ম্যাককালাম সর্বোচ্চ ৮১ রান করেন। শেষ দিকে দুই অপরাজিত ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি ১৩ ও ডোয়াইন ব্রাভো ১৫ রান করলে মোটামুটি লড়াই করার মতো স্কোর পায় চেন্নাই। রাজস্থানের ক্রিস মরিস ১৯ রানে ৩ উইকেট নেন।
জয়ের জন্য ১৫৮ রানের লক্ষ্যে নেমে উদ্বোধনী জুটিতে ৩৭ রান তোলে রাজস্থান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে প্রথম আসরের চ্যাম্পিয়নরা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে তারা। দলের পক্ষে শেন ওয়াটসন সর্বোচ্চ ২৮ রান করেন।
চেন্নাইয়ের সফল বোলার জাদেজা ১১ রানে নেন ৪ উইকেট। আর ২৫ রানে ৩ উইকেট পান মোহিত শর্মা।
