ইন্দোনেশিয়ার সাগরে বাংলাদেশিসহ ৬০০ অভিবাসী উদ্ধার

আপডেট : ১১ মে ২০১৫, ১৩:২৫


ইন্দোনেশিয়ার জলসীমায় দুটি নৌকা থেকে প্রায় ছয়শ বাংলাদেশি ও রোহিঙ্গাকে উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা।

রবিবার ইন্দোনেশিয়ার উত্তর উপকূলে আচেহ প্রদেশের কাছে ভাসমান দুটি কাঠের নৌকা থেকে তাদের উদ্ধার করা হয় বলে স্থানীয় কর্তৃপক্ষের তথ্য।

রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, তেল ফুরিয়ে যাওয়ায় সপ্তাহখানেক ধরে নৌকাদুটি সাগরে নিয়ন্ত্রণহীন অবস্থায় ভাসছিল। উদ্ধারকৃতদের মধ্যে শতাধিক নারী ও শিশুও রয়েছে।   

আচেহ সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির মুখপাত্র মোহাম্মদ আরিফ মুতাকিন রয়টার্সকে বলেন, “এ পর্যন্ত যে তথ্য আমরা পেয়েছি, তাতে উদ্ধারকৃতদের অধিকাংশ এসেছে মিয়ানমার থেকে, তারা রোহিঙ্গা মুসলমান।”

তবে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলছে, তাদের মধ্যে বাংলাদেশি নাগরিকরা আছেন, যারা আনুমানিক এক সপ্তাহ আগে থাইল্যান্ড ছেড়ে আসেন বলে কর্তৃপক্ষের ধারণা। ইন্দোনেশিয়া উপকূলে আসার পথে নৌকার মধ্যেই অনেকের মৃত্যু হয়েছে।