তিন কেন্দ্রে পুন:ভোট

আওয়ামী লীগ সমর্থিত ২ ও বিদ্রোহী কাউন্সির প্রার্থী জয়ী

আপডেট : ১১ মে ২০১৫, ২২:২৯
 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিনটি ওয়ার্ডের স্থগিত পৃথক তিনটি কেন্দ্রে পুন:ভোট অনুষ্ঠিত হয়েছে। তিন কেন্দ্রে ৩৯ শতাংশেরও কম ভোট পড়েছে। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হয়। কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়নি। কোন গোলযোগ ও অনিয়মের সংবাদও পাওয়া যায়নি। ভোটে আওয়ামী লীগ সমর্থিত দুই ও বিদ্রোহী এক কাউন্সির প্রার্থী জয়ী হয়েছেন।
 
গত ২৮ এপ্রিল ঢাকা উত্তর-দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনী সহিংসতার কারণে ঢাকা দক্ষিণের তিনটি ওয়ার্ডের পৃথক তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছিল কমিশন।
 
আজ ভোটগ্রহণশেষে তিনটি ওয়ার্ডে বেসরকারিভাবে নির্বাচিত কাউন্সিলররা হলেন- ৮নং ওয়ার্ডে সুলতান মিয়া, ৩৪নং ওয়ার্ডে মীর মোহাম্মদ সমীর এবং ৫৩নং ওয়ার্ডে হাজী নূর হোসেন।
 
এদের মধ্যে সুলতান ও নূর হোসেন আওয়ামী লীগ সমর্থিত এবং মোহাম্মদ সমীর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।
 
ভোটগ্রহণ করা তিনটি কেন্দ্র হলো- দক্ষিণের ৮ নং ওয়ার্ডের ১৫১নং কমলাপুর শেরেবাংলা রেলওয়ে উচ্চ বিদ্যালয় (দক্ষিণ কমলাপুর মূল ভবন, কেন্দ্র-১), ৩৪ নং ওয়ার্ডের ৫৬৫ সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ও ৫৩ নং ওয়ার্ডের ৮০৭ জুরাইন আশ্রাফ মাষ্টার আদর্শ উচ্চ বিদ্যালয় (শ্যামপুর, ঢাকা ২য় তলা রুম নং ২০১-২০৫ এবং মহিলা ভোটার-১, কেন্দ্র-৩)।
 
৮ নং ওয়ার্ডের শেরেবাংলা রেলওয়ে উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. রফিকুল ইসলাম জানান, ২৮ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে ওয়ার্ডটির ৫টি কেন্দ্রের মধ্যে ৪টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সুলতান মিয়া সব মিলিয়ে সুলতান মিয়া মোট ২ হাজার ৫৮৮ ভোট বেশী পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

৩৪ নং ওয়ার্ডের সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. তরিকুল ইসলাম জানান, সব মিলিয়ে এই ওয়ার্ডে মীর মোহাম্মদ সমীর বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
 
৫৩নং ওয়ার্ডের জুরাইন আশ্রাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার ড. খাদেমুল ইসলাম জানান,  এ ওয়ার্ডে বেসরকারিভাবে নূর হোসেন বিজয়ী হয়েছেন।