সার্ফ সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট : ১১ মে ২০১৫, ১৫:১০
দক্ষিণ এশিয়া খাদ্য অধিকার সম্মেলন (সার্ফ)-২০১৫ আগামী ৩০ মে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিনব্যাপী এ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
 
সোমবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সম্মেলনের সাংগঠনিক পরিষদের নেতারা এ তথ্য জানান।
 
সম্মেলনে জানানো হয়, রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ৩০ মে বিকেল সাড়ে ৩টায় সম্মেলনটির উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ১ জুন পর্যন্ত এটি চলবে। 
 
প্রধানমন্ত্রী ছাড়াও এতে উপস্থিত থাকবেন ভারতের নোবেলজয়ী মানবাধিকারকর্মী কৈলাস সত্যার্থী ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। ১ জুনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।