ছিটমহলের অধিবাসীদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট : ১১ মে ২০১৫, ১৭:৫৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্দো-বাংলা স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের সময় ভারতীয় সীমান্ত বরাবর ছিটমহলগুলোতে যে কোনো গোষ্ঠীর সমস্যা সৃষ্টির ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে জেলা প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আইন-শৃংখলা প্রয়োগকারী সংস্থা ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।
 
সোমবার ৬ জেলার সমন্বয় কমিটি ও সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
 
প্রধানমন্ত্রী বলেন, ভারতের লোকসভায় স্থলসীমান্ত চুক্তি পাসের পর আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে এই চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন করা।
 
এ প্রসঙ্গে তিনি বলেন, ছিটমহলের মানুষ যেন কোনো সমস্যার মুখে না পড়ে এবং কেউ যেন তাদের আতঙ্কগ্রস্ত করতে না পারে তা নিশ্চিত করতে হবে। ছিটমহলগুলোর মানুষের সংস্পর্শে থাকতে জেলা পর্যায়ের কর্মকর্তা, বর্ডার গার্ড (বিজিবি), আইন প্রয়োগকারী সংস্থা ও রাজনৈতিক নেতাদের প্রতিও আহ্বান জানান তিনি।
 
শেখ হাসিনা বলেন, ছিটমহলের মানুষ খুবই দুর্ভোগের মাঝে দিনাতিপাত করছে। বিগত ৬৮ বছর থেকে তারা দুর্দশাগ্রস্ত জীবন কাটাচ্ছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে তাদের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া।
 
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন, প্রশাসনিক কর্মকাণ্ড, আইন-শৃংখলা এবং স্থানীয় সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং স্থানীয় প্রশাসনে গতিশীলতা আনতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।