গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে গত শনিবার প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে প্রায় ১৫ মিনিট বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় এবার বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. ইকরামুল হক ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. আবুল হাসেম। এ ঘটনায় ওইদিনই গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির জিএম প্রকৌশলী জহিরুল ইসলাম এবং ডিজিএম (টেকনিক্যাল) খান মো. বোরহান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন।
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. মাহ্বুবর রহমান জানান, বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও ঘটনার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রাথমিক তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় প্রথমে বিদ্যুৎ শাখার নির্বাহী প্রকৌশলী মো. আবুল হাসেমকে এবং পরে প্রধান প্রকৌশলী মো. ইকরামুল হককে সাময়িক বরখাস্ত করা হয়।
তদন্ত শুরু
এদিকে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি রবিবার সকাল থেকে তদন্ত কাজ শুরু করেছে। আরইবি’র গঠিত তদন্ত কমিটির সদস্যরা রবিবার ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্টদের সাক্ষ্যগ্রহণ করেছেন। জেলা প্রশাসন গঠিত ছয় সদস্যে তদন্ত কমিটিও এদিন ঘটনাস্থল পরিদর্শন করে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলেছেন।
জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হোসেন জানান, সোমবারও তদন্ত কমিটি ঘটনাস্থলে গিয়ে বরখাস্ত হওয়া জিএম, ডিজিএম, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরসহ বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টদের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
