নড়াইলের লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামে গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন মামলার প্রধান আসামি মো. শফিকুল শেখকে সোমবার সিলেট থেকে গ্রেফতার করেছে পুলিশ।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত রবিবার হাইকোর্ট নড়াইলে গৃহবধূ নির্যাতনের ঘটনায় করা মামলার আসামিদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গৃহবধূ ববিতাকে নির্যাতনের ঘটনায় গত মঙ্গলবার তার মা খাদিজা বেগম নারী ও শিশু নির্যাতন দমন আইনে ববিতার স্বামী শফিকুল শেখসহ সাতজনকে আসামি করে মামলা করেন। পুলিশ শফিকুলের দুই চাচা কালাম শেখ ও হিরু শেখকে গ্রেফতার করে।
মামলার বিবরণে ও ববিতার স্বজনরা জানান, গত ৩০ এপ্রিল সকাল সাতটার দিকে ববিতার শ্বশুরবাড়ি নড়াইলের শালবরাত গ্রামে একটি গাছের সাথে বেঁধে তার শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক লাঠিপেটাসহ নির্যাতন করা হয়।
