বার্সার বিপক্ষে হাল ছাড়ছে না বায়ার্ন

আপডেট : ১১ মে ২০১৫, ২২:২০
 
বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে প্রথম লেগে বার্সার কাছে ৩-০ গোলে হারলেও ফিরতি লেগে এই ব্যবধান ঘুচানোর স্বপ্ন দেখছে। ব্যবধান কাটিয়ে ফাইনাল নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আজ নিজেদের মাঠ অ্যালিয়েনজ অ্যারেনায় কাতালানদের আতিথ্য দেবে তারা।
 
এর আগে কোচ পেপ গার্দিওলার দল কোয়ার্টার ফাইনাল পর্ব থেকে প্রেরণা নিচ্ছে। ওই পর্বেও প্রথম লেগে পোর্তোর মাঠে ৩-১ গোলে হেরে গিয়েছিলো বায়ার্ন। কিন্তু ফিরতি লেগে নিজেদের মাঠে ৬-১ গোলের বড় জয় নিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করে তারা।
 
সেমিফাইনালের ফিরতি লেগে বায়ার্নের জয়ছাড়া কোনো রাস্তা দেখছেন গার্দিওলা। তিনি বলেন, ফাইনাল নিশ্চিত করার একমাত্র পথ হলো—বার্সার চেয়ে ভালো খেলা। এমনভাবে খেলতে হবে, যেমনটা প্রথম লেগের দ্বিতীয়ার্ধে খেলেছিলাম। এ ক্ষেত্রে আমাদের একমাত্র ইচ্ছা হলো—খেলার শেষ পর্যন্তই লড়ে যাওয়া।’ বায়ার্ন কোচ আরো বলেন, ‘আমি বাস্তববাদী। জয় ছাড়া কোন পথ নেই। আমাদের এখনো স্বপ্ন বেঁচে আছে। আমাদের হাতে ৯০ মিনিট সময় রয়েছে। কাজটা সহজ হবে না। কিন্তু আমি যোদ্ধা, লড়াই করতে পছন্দ করি।’
 
কঠিন পরীক্ষার আগে কথা দিয়ে গার্দিওয়ালার মতো নিজেদের টগবগে রাখার চেষ্টা করছেন বায়ার্নের খেলোয়াড়রাও। সেই তালিকায় আছেন দুই স্ট্রাইকার টমাস মুলার ও বাস্তিয়ান শোয়েনস্টাইগার। ম্যাচ নিয়ে মুলার বলেন, ‘আমরা জানি অনেক বড় পরীক্ষা। কিন্তু সহজে হাল ছাড়ছি না।’
 
তবে বায়ার্ন গুরুত্বপূর্ণ খেলাটিতে পূর্ণ শক্তি পাচ্ছে না। ইনজুরির কারণে খেলতে পারছেন না বায়ার্নের আক্রমণভাগের দুই তারকা খেলোয়াড় ফ্র্যাঙ্ক রিবেরি ও আরিয়েন রোবেন। শুধু এই ম্যাচের জন্যই না, চোটের কারণে তাদের দু’জনের পুরো মৌসুমই শেষ। রিবেরি এবং রোবেনের পাশাপাশি সম্প্রতি সাইডলাইনেই থাকতে হচ্ছে দলের বায়ার্নের রক্ষণভাগের দুই খেলোয়াড় হলজার ব্যাডস্টুবার এবং লেফট-ব্যাক ডেভিড আলাবা।
 
তাছাড়া বায়ার্নের সাম্প্রতিক সময়টাতে পারফরম্যান্সহীনতায় ভুগছে। গত চার খেলার সবক’টিতেই হেরেছে বুন্দেশলিগা চ্যাম্পিয়নরা। তবে ফিরতি লেগে বার্সার বিপক্ষে শক্তিশালী দল নামাতে গত শনিবার বুন্দেশলিগার খেলায় অগসবার্গের বিপক্ষে গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের, মিডফিল্ডার জাবি আলনসো এবং ডিফেন্ডার মেহদি বেনাটিয়া এবং রাফিনহাকে বিশ্রামে রাখেন কোচ গার্দিওলা। তারকাদের বিশ্রামে রাখার খেলাটিতে ১-০ গোলের পরাজয়ও দেখতে হয় বায়ার্নকে।  এরপরও চলতি মৌসুমটা অসাধারণ করেই দেখছেন কোচ গার্দিওলা। তিনি বলেন, ‘আমরা বুন্দেশলিগা চ্যাম্পিয়ন এবং কিছু কঠিন সময় ছাড়া এই বছরটা আমাদের অসাধারণই ছিলো।’
 
পক্ষান্তরে পূর্ণ শক্তি নিয়েই বায়ার্নের মাঠে খেলতে যাচ্ছে বার্সা। তাছাড়া দারুণ ছন্দে আছে দলটি। সব ধরনের প্রতিযোগিতায় গত আট খেলার সবক’টিতেই জয় পেয়েছে তারা, এর মধ্যে টানা সাত খেলার একটিতেও কোনো গোলও হজম করেনি কোচ লুই এনরিকের দল। বায়ার্নের মাঠে উজ্জ্বীবিত দল পেতে লা লিগায় সর্বশেষ খেলায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে অন্তত পাঁচজন খেলোয়াড়কে বিশ্রামে পাঠান বার্সা কোচ। বিশ্রাম নেয়ার তালিকায় ছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা, জর্ডি আলবা এবং সার্জিও বাস্কেটস। এরপরও নিজেদের মাঠে সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়ে লিগ শিরোপা জয়ের একেবারে দ্বারপ্রান্তে চলে এসেছে বার্সা।    
 
নৈপূণ্যের তুঙ্গে রয়েছেন বার্সার সেরা খেলোয়াড় লিওনেল মেসি। বায়ার্নের বিপক্ষে প্রথম লেগে দু’টি চোখ ধাধাঁনো গোলই বলে দিচ্ছে মেসির জাত। তাই দ্বিতীয় লেগে মেসিকে টেকানোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বায়ার্ন খেলোয়াড়দের জন্য।—বিবিসি স্পোর্টস