স্থল সীমান্ত বিল ফের পাস হলো রাজ্যসভায়

আপডেট : ১২ মে ২০১৫, ০০:৫৬

ঐতিহাসিক বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে ভারতের সংবিধান সংশোধনী বিলটি পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় আবারো পাস করানো হয়েছে। গত সপ্তাহে পার্লামেন্টের দুই কক্ষেই সর্বসম্মতিতে বিলটি পাস হলেও সংখ্যাগত ভুল থাকায় তা প্রয়োজনীয় সংশোধনের জন্য আবারো রাজ্যসভায় ফেরত পাঠানো হয়। রাজ্যসভায় বিলটি উত্থাপন করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ।

 
ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের এক খবরে বলা হয়, সংবিধান (১১৯তম  সংশোধন) বিল, ২০১৩-এর ওপর লোকসভায় আনা সংশোধনীগুলো রাজ্যসভায় বিবেচনার জন্য উত্থাপন করেন সুষমা স্বরাজ। এই বিলের তৃতীয় দফায় মোট সাতটি সংশোধনের প্রস্তাব আনা হয়। সংবিধান (১১৯তম সংশোধন) বিল, ২০১৩এর এর পরিবর্তে সংবিধান (১১০তম সংশোধন) বিল, ২০১৫ যুক্ত করার প্রস্তাব করা হয়। এরপর তা রাজ্যসভার সদস্যদের সম্মতির ভিত্তিতে অনুমোদন পায়। বিলটি রাজ্যসভায় উত্থাপনের ১৫ মিনিটের মধ্যেই পাস হয়।
 
এ সময় রাজ্যসভায় বিরোধী দলীয় নেতা গোলাম নবী আজাদ বলেন, এ ধরনের ভুল হাউসের জন্য বিব্রতকর। এটা আন্তর্জাতিক চুক্তি হওয়ায় আরো বেশি উদ্বেগের। এ ধরনের ভুল এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত খসড়ার প্রতিটি লাইন খুটিয়ে পড়া। সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি বলেন, এটা সরকারের জন্য একটি সতর্ক বার্তা হওয়া উচিত।
 
এ সময় সুষমা স্বরাজ বলেন, লোকসভায় প্রয়োজনীয় সংশোধনীসহ বিলটি পাস হয়েছে। এরপরই আবারো রাজ্যসভায় উঠানো হলো। চুক্তিটি দুই কক্ষে সর্বসম্মতিতে পাস হওয়ায় তিনি সদস্যদের প্রশংসা করেন। এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে চার দশকের বেশি সময়ের বিরোধের নিষ্পত্তি হবে।
 

সীমান্ত চুক্তি বিলটি এখন ভারতের রাজ্যগুলোর বিধানসভায় যাবে। কমপক্ষে অর্ধেক রাজ্যের (মোট ২৯টি রাজ্যের ১৫টিতে) বিধানসভায় গৃহীত হওয়ার পর রাষ্ট্রপতির সইয়ের মধ্য দিয়ে সংশোধন প্রক্রিয়া শেষ হবে। এরপর চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়াটি প্রশাসনিক পর্যায়ে যাবে।