পুরান ঢাকার একটি আবাসিক হোটেল থেকে গতকাল সোমবার জাফর হায়াত (৬৪) নামে চট্টগ্রামের এক সাংবাদিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।
বংশাল থানার এসআই জহির জানান, চট্টগ্রামের কোতয়ালী থানার সদরঘাট এলাকার একটি বাসায় থাকতেন মুক্তিযোদ্ধা ও সাংবাদিক জাফর হায়াত। গত ৯ মে তিনি পুরান ঢাকার নবাবপুর রোডের শহীদ কাওসার সাদমান ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে ৭০৩ নম্বর কক্ষে ওঠেন। গতকাল সকালে তাকে ডেকে কোনো সাড়া না পেয়ে হোটেল কর্মচারীদের সন্দেহ হয়। কক্ষের দরজা ভিতর থেকে লক থাকায় হোটেলের ম্যানেজারের কাছে ডুপ্লিকেট চাবি দিয়ে তারা দরজা খুলে ফেলে এবং বিছানায় তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। মৃতের শরীরে কোথাও কোনো আঘাতের চি?হ্ন পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।
মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, জাফর হায়াত ডেইলি স্টার পত্রিকার প্রতিনিধি হিসেবে কাজ করতেন। সর্বশেষ তিনি চট্টগ্রামের স্থানীয় দৈনিক পূর্ববাংলায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
