এবার মুক্তমনার ব্লগার অনন্ত বিজয় খুন

আপডেট : ১৩ মে ২০১৫, ১১:২৪
 
মুক্তমনা ব্লগের লেখক ও সিলেট গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সিলেটের সুবিদ বাজার এলাকায় মঙ্গলবার সকালে এই হামলার শিকার হন তিনি।
 
জানা যায়, সকালে অনন্ত অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। পথে ওৎ পেতে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু জানান, অনন্ত বিজয় দাশ মুক্তমনা ব্লগে লেখালেখি করতেন। এজন্য একাধিকবার তাকে হত্যার হুমকি দেয়া হয়। মৌলবাদীরা টার্গেট করে তাকে খুন করেছে বলে ধারণা করা হচ্ছে।
 
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে দুর্বৃত্তদের হামলায় প্রাণ হারান এই ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিত। তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও হামলার শিকার হন।