আজ থেকে শুরু কান চলচ্চিত্র উত্সব, খিজির হায়াতের চলচ্চিত্র নির্বাচিত

আপডেট : ১৩ মে ২০১৫, ১৬:০৫

আজ থেকে শুরু হচ্ছে কান চলচ্চিত্র উত্সবের ৬৮তম আসর। এরইমধ্যে উত্সবটি আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এতে শর্ট ফিল্ম কর্ণারে প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের নির্মাতা খিজির হায়াত খানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আই ফর অ্যান আই’। এ ছবির লেখক ক্যারেন এবং চরিত্রায়ণে ছিলেন মমোনা ও শান রহমান। এছাড়াও যৌথভাবে ছবিটি তারাই প্রযোজনা করেছেন। ছবিটির কাজ হয়েছে কানাডায়।

 
খিজির হায়াত বলেন, ‘পড়াশোনার জন্য আমি ২০০০ সাল থেকে ১০ থেকে ১২ বছর যুক্তরাষ্ট্র ও কানাডায় ছিলাম। সে সময় ৯/১১ ঘটলো। এরপর থেকেই উত্তর আমেরিকায় খেয়াল করলাম মুসলিমদের সঙ্গে সবাই অন্যরকম আচরণ করছে। কোনো ‘মুসলিম’ দেখলেই তার দিকে সবাই অন্যদৃষ্টিতে তাকাতে থাকে। ওই সময়ে ইরানের এক বিজ্ঞানীকে খুন করা হয়। ঘটনাটি আমাকে খুব নাড়া দেয়। দেশের বাইরে থাকা মানুষগুলোর এ ধরনের পরিস্থিতিতে সাইকোলজিক্যাল প্রেশার নিয়ে কিছু একটা করা উচিত মনে করেই ‘আই ফর অ্যান আই’-এর ভাবনা শুরু।’
 

তিনি আরও বলেন, ‘আমি কখনও চিন্তা করিনি আমার এ ছবি কান উত্সবে প্রদর্শিত হবে। এত বড় প্রাপ্তিতে শুধু বলতে পারি আমি পুরো এক্সাইটেড!’