অর্থ পাচারের দুটি মামলায় ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রফিকুল আমিন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে জামিন দেয়নি হাইকোর্ট। তাদের কেন জামিন দেয়া হবে না এই মর্মে জারি করা রুল বুধবার খারিজ করে দিয়েছে বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের ডিভিশন বেঞ্চ।
আদালতে ডেসটিনির দুই কর্মকর্তার পক্ষে ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি ও দুদকের পক্ষে আইনজীবী মো. খুরশীদ আলম খান শুনানি করেন।
২০১২ সালের ৩১ জুলাই অর্থ পাচার আইনে কলাবাগান থানার দুটি মামলায় রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেন নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়। গত বছরের আগস্ট মাসে তারা জামিনের জন্য আবেদন করলে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ কেন তাদের জামিন দেওয়া হবে না এই মর্মে রুল জারি করে। শুনানি শেষে হাইকোর্ট ওই রুল খারিজ করে দেয়।
খুরশীদ আলম খান বলেন, অর্থ পাচারের অপরাধ স্বীকার করে আসামিরা জবানবন্দি দিয়েছেন। তাই অপরাধের গুরুত্ব বিবেচনা করে জামিন আবেদন খারিজ করা হয়। তবে রফিকুল আমিনের যথাযথ চিকিত্সা নিশ্চিত করারও নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।
