সম্প্রতি ব্লগার ও লেখক অনন্ত বিজয় দাশের ভিসার আবেদন প্রত্যাখান করার কথা স্বীকার করেছে সুইডেন। বুধবার সুইডেন সরকার এক বিবৃতিতে এই কথা জানিয়েছে। খবর: বিবিসির।
সুইডেন সরকার বলেছে, অনন্ত ভিসার আবেদন প্রত্যাখান করেছিল, কিন্তু তিনি নিরাপত্তার কারণে সুইডেনে আশ্রয় চেয়ে কোনো আবেদন জানাননি।
বিবৃতিতে বলা হয়েছে, অনন্ত আশ্রয়ের আবেদন জানালে তারা তা মূল্যায়ন করে দেখতেন। এসময় এই হত্যাকাণ্ডকে খুবই মর্মান্তিক বলে উল্লেখ করেছে দেশটির সরকার।
সুইডেনে লেখকদের সংগঠন 'পেন' মঙ্গলবার তার হত্যাকাণ্ডের পর জানায়, অনন্ত স্টকহোম যাওয়ার জন্য ভিসার আবেদন সুইডেন সরকার প্রত্যাখান না করলে তিনি গতকাল বাংলাদেশের বদলে সুইডেনে থাকতেন।
পেন সুইডিশ সরকারের ভিসা প্রত্যাখানের বিষয়টির কড়া সমালোচনা করার পর আজ সরকারের দিক থেকে এই বিবৃতি এলো।
সিলেট শহরের সুবিদ বাজার এলাকায় মঙ্গলবার অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি মুক্তমনা ব্লগে লেখালেখি করতেন।
