অর্থপাচারের দুটি মামলায় ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রফিকুল আমিন এবং চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে জামিন দেয়নি হাইকোর্ট। তাদের কেন জামিন দেয়া হবে না—এই মর্মে জারি করা রুল বুধবার খারিজ করে দিয়েছে বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের ডিভিশন বেঞ্চ।
আদালতে ডেসটিনির দুই কর্মকর্তার পক্ষে ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি এবং দুদকের পক্ষে আইনজীবী মো. খুরশীদ আলম খান শুনানিতে অংশ নেন।
২০১২ সালের ৩১ জুলাই অর্থপাচার আইনে কলাবাগান থানার দুটি মামলায় রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেন নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়। গত বছরের আগস্ট মাসে তারা জামিনের জন্য আবেদন করলে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ কেন তাদের জামিন দেয়া হবে না—এই মর্মে রুল জারি করে। বুধবার শুনানি শেষে হাইকোর্ট ওই রুল খারিজ করে দেয়।
খুরশীদ আলম খান বলেন, ‘অর্থপাচারের অপরাধ স্বীকার করে আসামিরা জবানবন্দি দিয়েছেন। তাই অপরাধের গুরুত্ব বিবেচনা করে জামিন আবেদন খারিজ করা হয়।’
