‘২০২১ সালের মধ্যে সব উপজেলায় কর অফিস হবে’

আপডেট : ১৩ মে ২০১৫, ১৮:৪৫
 
 
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘আমাদের গ্রামাঞ্চলেও অর্থনীতি শক্তিশালী হচ্ছে। এ জন্য সংসদ সদস্যদের পক্ষ থেকেই উপজেলা পর্যায়ে করের আওতা বাড়ানোর দাবি উঠে এসেছে। তাই উপজেলা পর্যায়ে কর অফিস করা হচ্ছে। ২০২১ সালের মধ্যে সব উপজেলায় কর অফিস করা হবে।’ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংসদীয় কমিটির সভাপতিদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শেষে সাংবাদিকদের এ সব কথা জানান তিনি।
 
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা যেসব পরিকল্পনা নিয়ে বরাদ্দ দিই, মাঠপর্যায়ে তা উপযুক্ত সময়ে পৌঁছায় না। এর বড় কারণ হলো—কিছু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অদক্ষতা ও নৈতিকতার অভাব। প্রকৃতঅর্থে আমাদের কর্মকর্তাদের দক্ষতা বাড়লেও নৈতিকতার অভাব রয়েই গেছে। এ সব কর্মকর্তা এখন কম বেতনের দোহাইও দিতে পারেন না। তবু তারা ঠিকভাবে কাজ করেন না। এর সমাধান কি জানি না। তবে এবার থেকে বরাদ্দ দেয়ার পর দুই মাসের মধ্যে জানাতে হবে কে কত টাকা পেল। এ নিয়ম করলে সমস্যা কমে আসবে।’
 

মুহিত বলেন, ‘সোলার এনার্জি খাতে আমরা যথেষ্ট পরিমাণে সুযোগ সুবিধা দিয়েছি। এখাতে আমাদের উন্নতিও হচ্ছে। এ সব সুযোগ-সুবিধা অব্যাহত রাখা হবে। এ ছাড়া, বিদ্যুত্ সাশ্রয়ের জন্য সেন্সর লাইট ও ফ্যান ব্যবহারে উত্সাহ দেয়া হবে।’