বিএনপির যুগ্ম মহসচিব সালাহ উদ্দিন নিজেই ভারতে আত্মগোপনে ছিলেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভারত থেকে দেশে ফিরিয়ে আনা হবে।
বুধবার তেজগাঁও আর্দশ উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা এখনো অফিসিয়ালি কাগজ পত্র হাতে পাইনি। মৌখিকভাবে যে খবর পাচ্ছি , তার ভিত্তিতেই কথাগুলো বলতে হচ্ছে। আমরা আশা করছি সবকিছুই হবে। যখনই যেভাবে আসবেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সব কিছু হবে।
তিনি বলেন, সালাউদ্দিন এখন ভারতে অবস্থান করছেন। ভারতের যেখানে অবস্থান করছেন, তাকে আনতে হলে ভারত সরকারের একটা আইনি প্রক্রিয়া থাকবে। একই ভাবে আমাদেরও একটা আইনি প্রক্রিয়া থাকবে। এ ব্যাপারে আমাদের পররাষ্ট্র মন্ত্রনালয় মুখ্য ভুমিকা নেবে।
তিনি বলেন, সালাউদ্দিনকে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যাননি। বিএনপির এ অভিযোগ মিথ্যা প্রমাণিত হল।
