ঢাবিতে এমপির কুশপুত্তলিকা দাহ

আপডেট : ১৩ মে ২০১৫, ২০:১৬
অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়ার প্রতিবাদে সিলেটের সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েসের কুশপুত্তলিকা পুড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।
 
বুধবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন শেষে এ পুত্তলিকা দাহ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুদ্ধ সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে এই মানবন্ধনের আয়োজন করা হয়।
 
গত শনিবার সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী এক অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাফর ইকবালকে সিলেট বিদ্বেষী আখ্যায়িত করে তাকে চাবুক মারার ইচ্ছার কথা বলেন।
 
মানববন্ধন কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সঞ্জীবন সুদীপ বলেন, দেশের একজন সংসদ সদস্যের মুখে এ ধরনের বক্তব্য পুরো জাতির জন্য লজ্জাজনক। শিক্ষকের প্রতি সংসদ সদস্যের এই আচরণে আমরা ক্ষুব্ধ ও হতাশ। তিনি
 
শিক্ষকের ব্যাপারে অসম্মানজনক বক্তব্য দিয়ে দুর্বৃত্তদের উসকে দিয়েছেন। এ সময় তিনি বিক্ষুব্ধ শিক্ষার্থীদের পক্ষে মাহমুদ-উস-সামাদকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবাঞ্চিত ঘোষণা করেন।