সাগরে ভাসছে সাড়ে তিন শ' রোহিঙ্গা

আপডেট : ১৩ মে ২০১৫, ২০:১৮
 
মিয়ানমারের সাড়ে তিন শ' রোহিঙ্গা খাবার ও পানি বিহীন অবস্থায় সাগরে ভাসমান অবস্থায় দিন কাটাচ্ছেন। দেশটির আরাকান রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের নিয়ে কাজ করেন এমন একটি সংস্থার সাথে যুক্ত ক্রিস লিউয়ের বরাত দিয়ে বিবিসি অনলাইন খবরটি জানিয়েছে।
 
অভিবাসীরা ক্রিস লিউকে জানিয়েছেন, গর চার দিন থেকে তারা খাবার ও পানি বিহীন অবস্থায় রয়েছেন। নৌকাটিতে সাড়ে তিনশ জনের মধ্যে ৫০ জন নারী ও ৮৪ টি শিশুও রয়েছে। খাবার ও পানির অভাবে এখন তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। তবে সমুদ্রের কোন এলাকায় নৌকাটি রয়েছে সে ব্যাপারে কিছু স্পষ্ট করে বলতে পারেননি নৌকায় থাকা লোকজন।
 
মঙ্গলবার নৌকাটির পাশ দিয়ে একটি জাহাজ গেলেও তারা কোন সাহায্য পায়নি। মালয়েশিয়া যাওয়ার আশা নিয়ে গত দুই মাস ধরে তারা সাগরে ভাসছেন। চালক বিহীন নৌকাটির ইঞ্জিনটিও বিকল হয়ে রয়েছে। তাদের সাথে একটি কম্পাস থাকলেও সেটি ব্যবহার করতে জানেন না কেউ।
থাইল্যান্ডে সম্প্রতি মানব পাচারকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু হওয়ায় মালয়েশিয়া যাওয়ার পথ পরিবর্তন করেছে মানব পাচারকারীরা। প্রায় দুই হাজার জনকে সাগর থেকে উদ্ধার করার পর ইন্দোনেশিয়াও অভিবাসীবাহী নৌকাগুলোকে ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই রকম সিদ্ধান্তের কথা জানিয়েছে থাইল্যান্ড ও মালয়েশিয়া।
 
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, সাগরে এই মুহূর্তে প্রায় আট হাজার জন অভিবাসী অসহায় অবস্থায় ভাসমান রয়েছেন যাদের বেশিরভাগই মিয়ানমার ও বাংলাদেশ থেকে যাওয়া।