মানবতাবিরোধী অপরাধ

আসামি গ্রেফতারে কমিটি গঠনে ট্রাইব্যুনালের নির্দেশ

আপডেট : ১৩ মে ২০১৫, ২০:২৫
মানবতাবিরোধী অপরাধ মামলার যে কোন ধরনের পলাতক আসামিদের গ্রেফতারের বিষয়ে মনিটরিং কমিটি গঠনের নির্দেশ দিয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১।
 
একইসঙ্গে কমিটিকে দণ্ডপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদেরকে গ্রেফতারের ক্ষমতাও প্রদান করেছে।
 
পুলিশের ডিআইজি পদমর্যাদার নিচে নন এমন কাউকে এ কমিটির প্রধান করে এসবি, ডিবি, র্যাব ও ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার একজন করে প্রতিনিধিকে নিয়ে এ কমিটি গঠন করতে বলা হয়েছে।
 
আগামী ১৫ দিনের মধ্যে স্বরাষ্ট্র সচিব ও পুলিশের আইজিকে এ কমিটি গঠন করতে নির্দেশ দেয়া হয়েছে।
 
ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল বুধবার স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।
 
আদেশে বলা হয়েছে, কমিটি গঠনের পর থেকে প্রতি ৪০ দিন পর পর পলাতক আসামিদের গ্রেফতারের বিষয়ে সংশ্লিষ্টদের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করতে বলা হয়েছে।