ভাসানী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে শিক্ষার্থী নিহত, বন্ধ ঘোষণা

আপডেট : ১৪ মে ২০১৫, ০১:০৬
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। একই সঙ্গে বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তপক্ষ।
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খাদেমুল ইসলাম জানান, উপাচার্য ড. মো. আলাউদ্দিন তার ক্ষমতাবলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছেন। আগামীকাল বৃহস্পতিবার বিকালে রিজেন্ট বোর্ডের সভায় এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
 
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার বেলা তিনটার দিকে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে নিহত হন পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র মোশারফ হোসেন।
 
উল্লেখ্য, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুদল ছাত্রের মধ্যে প্রায়ই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।